কিশোরগঞ্জে সরকারি দুই হাসপাতাল থেকে ১৭ দালাল আটক

শেয়ার করুন

কিশোরগঞ্জে দুইটি সরকারি হাসপাতালে যৌথ অভিযান চালিয়ে ১৭ জন দালালকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে একযোগে অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ।

এই দিন বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিলো। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ৩২ জনকে আটক করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ১৭ জনকে দালাল হিসেবে শনাক্ত করা হয়েছে। বাকিদের মধ্যে ৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৯ জনের বিষয়ে তদন্ত চলছে।

তিনি আরও জানান, দূরদূরান্ত থেকে আসা দরিদ্র রোগীদের ফুসলিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ আর দেওয়া হবে না। দালালমুক্ত হাসপাতাল গড়তে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা।


শেয়ার করুন

এই সম্পর্কিত