গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ইউসুফ (৯) ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গড়কড়া গ্রামের এমদাদুল হকের ছেলে ও জুনাইদ (৯) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের মামুন মিয়ার ছেলে।
গতকাল সন্ধ্যার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ইউসুফ ও জুনাইদ স্থানীয় তহুরউদ্দিন মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। নিহতের বাবা-মা শ্রীপুরের মুলাইদ গ্রামের ইলিমবাড়ী এলাকার ভাড়া থেকে স্থানীয় কারখানায় কাজ করে।
নিহতের পরিবারের লোকজন জানান, ইউসুফ ও জুনাইদ পাশাপাশি বাড়িতে বসবাস ও একই স্কুলে পড়া কারণে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অন্যান্য দিনের মতো ইউসুফ ও জুনাইদ স্কুলে পাঠিয়ে দিয়ে তারা কারখানায় কাজে যান। তারা দু’জন স্কুলে থেকে বাসায় ফিরে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ করতে থাকে। খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে ইউসুফের জুতা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের খাইরুল আলম একটি দল নিয়ে ওই পুকুরে তল্লাশি চালিয়ে সন্ধ্যার দিকে ইউসুফ ও জুনাইদের মরদেহ পানি থেকে উদ্ধার করে এনে পরিবারকে বুঝিয়ে দেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল করিম বলেন, নিহত দুই শিশু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, মানুষকে আরো সচেতন হতে হবে। আমরা সচেতনতা মূলক সভা সমাবেশ করছি।
