বঙ্গোপসাগরে ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা একটি ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে গভীর বঙ্গোপসাগর থেকে মাছ ধরা ট্রলার ‘এফবি নাঈম’-সহ এ ১২ জন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পদ্মা।
নৌবাহিনী সূত্র জানায়, বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেত বহাল থাকা সত্ত্বেও রাতের অন্ধকার, বৈরী আবহাওয়া ও সী স্টেট ৪-এর উত্তাল সমুদ্র পরিস্থিতিতে বানৌজা পদ্মা তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। কয়েক ঘণ্টার তীব্র অনুসন্ধান শেষে রাডারের মাধ্যমে ভাসমান ট্রলারটি শনাক্ত করে। এর পর রাত সাড়ে দশটার দিকে বানৌজা পদ্মা সফলভাবে ‘এফবি নাঈম’ ও এতে থাকা ১২ জন জেলেকে উদ্ধার করে। এসময় আহত একজন জেলেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে ট্রলারসহ উদ্ধারকৃত ১২ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়।
জেলেদের ভাষ্যমতে, ট্রলারটি গত ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পায়রা বন্দর হতে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরবর্তীতে ০৯ সেপ্টেম্বর ২০২৬ রাতে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং এটি ১২ জন জেলেসহ বঙ্গোপসাগরে ভাসতে থাকে।
