জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী

শেয়ার করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্বাগত প্রাতরাশে (ওয়েলকাম ব্রেকফাস্ট) অংশ নিয়েছেন। এই আয়োজনের মধ্য দিয়ে জাতিসংঘের বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে বাংলাদেশের সরকারপ্রধানের ব্যস্ত সফরসূচি শুরু হলো।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এই প্রাতরাশ সভার আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণীকে নিয়ে মঞ্চে ওঠেন। তাঁরা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিশেষ ফটোসেশনে অংশ নেন।

প্রাতরাশ পর্ব শেষে সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এই অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা উপস্থিত রয়েছেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথা অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য রাখবেন। এ ছাড়া জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তিনি বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।


শেয়ার করুন

এই সম্পর্কিত