অষ্টগ্রামে জলমহাল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

শেয়ার করুন

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এদিকে আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে। অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত ২২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন অভিযোগ করে জানান, বিলমাকশা জলমহালটি গত বছর তিনি ইজারা নিয়েছিলেন। এবারও তিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন। তবে উপজেলা বিএনপির সভাপতি বিভিন্নভাবে এতে বাধা দিচ্ছেন। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে জলমহালটি লুটপাটের জন্য তিনি স্থানীয় সাধারণ মানুষকে উসকে দিচ্ছেন।

এস এম শাহিন আরও দাবি করেন, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তার অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে।

তবে এইসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ। তার দাবি, এস এম শাহিনের সমর্থকেরাই প্রথমে তার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

এই প্রসঙ্গে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন

এই সম্পর্কিত