কিশোরগঞ্জে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৫ হাজার হেক্টর ধানি জমি
কিশোরগঞ্জে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৫ হাজার হেক্টর ধানি জমি। ফলে বোরো ধান কাটতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। পাশাপাশি বৃষ্টির কারণে মাঠ থেকে কেটে আনা ধান শুকাতে না পেরে বিপাকে পড়েছেন তারা।
বুধবার (২৯ এপ্রিল) ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও আগামী ২-৩দিন আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
নিকলী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক আখতার ফারুক এই তথ্য জানান।
টানা কয়েক দিনের ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিম্নাঞ্চলে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর ধানি জমি তলিয়ে গেছে। এছাড়াও উজান এলাকার বিল এলাকাতে অতিবৃষ্টিতে হাজারো হেক্টর ধানি জমি তলিয়ে গেছে। শ্রমিক সংকটের কারণেও বোরো ধান কাটতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা।
এদিকে অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় সবজির ক্ষেতেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এই নিয়ে সবজি চাষিরাও বিপাকে পড়েছেন।
এই বিষয়ে কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানান, মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী প্রায় ৩ হাজার হেক্টর জমি এরই মধ্যে পানির নিচে চলে গেছে। দিনদিন তলিয়ে যাওয়া জমির পরিমাণ বাড়ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কাজ করছে কৃষি বিভাগ।
