কয়রায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক ও প্রতিষ্ঠানে চারা, সার ও সবজি বিতরণ
২০২৫-২৬ অর্থবছরের ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খুলনার কয়রা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, সার, শাক-সবজির বীজ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও প্রান্তিক কৃষকদের মাঝে নারকেলসহ বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুম্মাহ আল বাকী। উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চলতি কর্মসূচির আওতায় কয়রা উপজেলায় ২ হাজার ৫০০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের প্রণোদনা, ৪ হাজার ৯০০টি নারকেল চারা, ১ হাজার ৬৬০টি অন্যান্য বৃক্ষ চারা, ২৫০টি লেবু চারা এবং ৯২ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির (উফশী ও হাইব্রিড) উপকরণ বিতরণ করা হচ্ছে। ইতোমধ্যে উদ্বোধন সম্পন্ন হয়েছে এবং বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এলাকায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে নারকেলসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন।
এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা অনুতাপ সরকার, গুরদাস মণ্ডল, আল মাহফুজ, ফারুক হোসেন ও জাকির হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা।
